পৃথিবীতে সবচেয়ে পবিত্র ও মধুর শব্দ হচ্ছে ‘মা'। মায়ের ভালোবাসা পেতে ভালোবাসি বলার প্রয়োজন হয় না। সুখে-দুঃখে প্রতিটি সময় মায়া স্নেহ ভালোবাসায় জড়িয়ে রাখেন মা। কোনও উপমা, সংজ্ঞায় মায়ের ভালোবাসার পরিধি আকার, আয়তন ও গভীরতাকে ছুঁতে পারেনি। আজ বিশ্ব মা দিবস।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়। মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর জন্য কোনও দিনের প্রয়োজন হয়না। তবুও মাকে গভীর মমতায় স্মরণ করা হয় এই দিনে।
প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবস পালন করা হতো। তবে আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন। তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রোববার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন।
১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেদিন থেকেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি









