করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই রাজধানীর বাজারে আসতে শুরু করেছে কাঁচা আম। বাজারে আসা এ মৌসুমী ফলের প্রতি ক্রেতাদের চাহিদাও অনেকটাই বেশি। তার জন্যও গুনতে হচ্ছে চড়া দাম। প্রতি কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ১০০ টাকা। তবে মানভেদে কোথাও কোথাও কমেও পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে যে কাঁচা আম পাওয়া যাচ্ছে তার সবই ঢাকার বাইরে থেকে আসা। চাষিরা বাড়তি দাম পাওয়ার কারণে পরিবহন বন্ধ থাকার পরও কাঁচা আম বাজারজাত করছেন। তবে বাজারে কাঁচা আমের যে চাহিদা আছে সরবরাহ তার তুলনায় অনেক কম। এ কারণে দাম বাড়তি। তাছাড়া প্রতি বছরই কাঁচা আম বাজারে যখন নতুন আসে তখন দাম একটু চড়াই থাকে। তাছাড়া কাঁচা আম করোনার জন্য ভালো এমন গুঞ্জনও রয়েছে। ফলে অন্য সময়ের তুলনায় এখন কাঁচা আমাদের চাহিদা একটু বেশিই।
এদিকে গরমে কাঁচা আম এবং এর শরবত দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালশিয়াম ও লৌহ। এটা ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। কাঁচা আম হজমে সাহায্য করে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে।
বাজারে ঘুরে দেখা যায়, ভালো মানের কাঁচা আমের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। একই দামে কাঁচা আম বিক্রি হতে দেখা যায় খিলগাঁও, মালিবাগের বিভিন্ন বাজারে। তবে কিছুটা নিম্নমানের কাঁচা আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।
খিলগাঁওয়ে কাঁচা আম বিক্রি করা ব্যবসায়ী বলেন, কাঁচা আম সব থেকে বেশি বিক্রি হয় আচারের জন্য। তবে যে আম দিয়ে আচার হয়, সেই আম এখনো আসা শুরু হয়নি। আচারের আম আরও কিছুদিন পরে আসবে। তখন দামও কম থাকবে।
আনন্দবাজার/শহক









