সারা দেশ পালিত হচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব। দেশের প্রতিটি স্কুলে স্কুলে এখন শুধু নতুন বইয়ের গন্ধ, আর এই গন্ধে মাতোয়ারা শিশুরা। বছরের প্রথম দিন রাজধানীসহ সারাদেশের শিশু শিক্ষার্থীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
আর বিনামূল্যে এই পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মঙ্গলবার গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রতি বছরের ন্যায় এই বছরও জানুয়ারির প্রথম দিনেই দেশের চার কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারি প্রায় ৩৫ কোটি ৩২ লাখ বই বিতরণ করা হচ্ছে। যার মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনা বিতরণ করা হবে।
২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এর কার্যক্রম শুরু করেন। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ী স্তরের জন্য যথাযথ মান সংরক্ষণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে আসছে সরকার।
অন্যান্য বছর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হলেও এবার মাধ্যমিক পর্যায়ের বই উৎসব হচ্ছে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে। এছাড়া শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পৃথকভাবে উৎসব পালন করা হবে দেশের সব কয়টি জেলায়। ২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি নতুন বই ছাপানো হয়েছে।
আনন্দবাজার/শহক









