করোনাভাইসের উপদ্রব বাড়লেও রাজধানীতে দিনদিন কমতে শুরু করেছে স্বাস্থ্যবিধির গুরুত্ব। লকডাউনের পর অফিস চালুর প্রথমদিন স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও দিনদিন কমছে এর প্রবণতা। একি সাথে জধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।
পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদের মাঝেও এই প্রবণতা দেখা গেছে। অধিকাংশ গণপরিবহনেই এমন দৃশ্য দেখা যায়। তবে কম সংখ্যক স্ট্যাফ নিয়ে অফিস পরিচালনার নির্দেশনা থাকায় কোথাও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
সকালে নগরীর রামপুরা ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, পরিবহনগুলোর হেলপার ডাকাডাকি করে গাড়িতে যাত্রী তুলছে। অধিকাংশ পরিবহনেই পাশাপাশি দুই সিটেই যাত্রী বসে আছে, ফাঁকা রাখা হয়নি। ছোট লেগুনা ও শেয়ারড সিএনজি চালিত অটোরিকশাগুলোতেও কোন প্রকার স্বাস্থ্যবিধি পালন করতে দেখা যায়নি।
একই চিত্র দেখা গেছে মৌচাক মোড় ও খিলগাঁও রেলগেটেও।
সরকারি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসগুলোতে দেখা গেছে এরচেয়ে ভয়াবহ চিত্র। অধিকাংশ বাসেই পাশাপাশি দুই আসনে যাত্রী বসাতে দেখা গেছে। যাত্রীদের উঠানো এবং নামানোর সময়ও কোন সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি। এসব দেখাশোনার জন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোবাইল কোর্ট পরিচালনাসহ তদারকির কথা বলা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। তবে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ'র দাবি তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
জানতে চাইলে বিআরটিএর পরিচালক (অ্যানফোর্সমেন্ট) একেএম মাসুদুর রহমান জানান প্রতিদিন মোবাইল কোট পরিচালিত হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরিমানাও করা হচ্ছে।
আনন্দবাজার/তা.তা








