‘একদিন আয় না করলে সংসার চলে না, তবুও বাঁচার তাগিদে বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়’
খুলনার কয়রায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া রিংবাঁধ পাঁচ দিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গতকাল বুধবার নির্মাণ সম্ভব হয়েছে। গত ৪ দিন বাঁধ মেরামতের চেষ্টা করে ব্যর্থ হলেও পঞ্চমদিনে প্রায় ৩ হাজার মানুষের স্বেচ্ছাশ্রমের প্রচেষ্টায় ফের রিং বাঁধ দিয়ে কপোতাক্ষের নোনা পানি আটকাতে সক্ষম হয়েছে। তবে শুধু এবার নয়, প্রতি দুর্যোগের পর এভাবেই ভাঙা বাঁধ মেরামতে স্থানীয় মানুষকেই দায়িত্ব নিতে হয় বলে জানালেন তারা। এবার বাঁশ-সিনথেটিক ব্যাগ চাহিদা মত না পাওয়ায় কাজে চরম ভোগ পেতে হয় বলে অভিযোগ তাদের।
এদিকে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে নদীশাসন ব্যবস্থার মধ্যদিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ৭ দফা দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসি। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলাকাবাসির পক্ষে এসব দাবি তুলে ধরেন গোলখালী গ্রামের আশরাফুল ইসলাম নূর।
দাবিসমূহ হচ্ছে অবিলম্বে কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের তিন পার্শ্বের শাখবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া নদী এবং কপোতাক্ষ নদে নদীশাসন ব্যবস্থার মধ্যদিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, উপকূলের ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে নদীশাসন ব্যবস্থার মধ্যদিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ক্ষতিগ্রস্তদের জলবায়ু ও পুনর্বাসন তহবিলে সরকারি বিশেষ বরাদ্দে গৃহনির্মাণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সাতক্ষীরা পওর ১৩, ১৪/১ ও ১৪/২নং পোল্ডার খুলনা পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করতে হবে, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি রাস্তা-ঘাট সংস্কার ও পাকাকরণ, স্কুল-মাদ্রাসা ও ক্ষতিগ্রস্ত ধর্মীয় উপাসনালয় মেরামত করা, প্রতিটি বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে বরাদ্দ অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রকল্পের সার্বিক বিবরণী টাঙানো বাধ্যতামুলক করা এবং বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদার ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং আর্থিক অসাধুপায় অবলম্বনের অভিযোগ উঠলে বিচার বিভাগীয় তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় লিখিত বক্তৃতায় তিনি বলেন, বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ না থাকলেও শত শত কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়ে উপকূলীয় বেড়িবাঁধ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। এসব বরাদ্দ কিভাবে আসে, আর কোথায় যায় তার কিছুই জানেন না উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠি। তারা শুধু জানেন বেড়িবাঁধ ভেঙে গেলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই বাঁধ রক্ষা করতে হয়; তা না হলে পানি তোড়ে ভেসে যাবে মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও। কখনোই, কোন বেড়িবাঁধ সংস্কার বা মেরামত স্থলে বেড়িবাঁধ প্রকল্প বিবরণী টাঙানো হয় না। এতে পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের সাথে গভীর যোগসাজশে স্বার্থন্বেষী ঠিকাদার ও জনপ্রতিনিধিরা ‘ঘোলাজলে মাছ শিকার’ করে। বেড়িবাঁধ ভেঙে গেলে তাই কতিপয় মানুষরূপী ‘সাপ-ব্যাঙ’ মনে-মনে খুশিই হয়।
স্থানীয় সূত্রে, গত ১৭ জুলাই ভোরে চরামুখার এই বাঁধের প্রায় ৩০০ মিটারের মতো ধ্বসে যায়। সেসময় ভাঙা স্থানে রিং বাঁধ দিয়ে পানি আটকানো সম্ভব হয়। এর পর ১৩ আগস্ট শনিবার দুপুরে উচ্চ জোয়ারে ওই রিং বাঁধটি পুনরায় ভেঙে যায়। এই ভাঙনে কপোতাক্ষের নোনা পানিতে ডুবে যায় ১০টির বেশি গ্রাম। পানিবন্দি হয়ে পড়ে ১৫ হাজারের বেশি মানুষ। আভ্যন্তরিণ যোগাযোগ ব্যবস্থা, মৎস্য ঘের, আমনের বীজতলা, বসতবাড়িসহ পরিবেশের চরম ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ইউনিয়নটির চরামুখা, হলুদবুনিয়া, মেদেরচর, বীণাপানি ও দক্ষিণ বেদকাশি গ্রামের প্রায় ছয় হাজার বিঘা জমির চিংড়ি ঘের তলিয়ে গেছে। পানির তোড়ে প্রায় ৫ কিলোমিটার পাকা রাস্তা ধসে গেছে। এতে ওইসব গ্রামে যাতায়াতের পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘরে পানি ঢুকে আসবাব ও ধান-চাল নষ্ট হয়েছে। কৃষকদের আমন মৌসুমের জন্য প্রস্তুতকৃত বীজতলা, বসতবাড়ি হারিয়ে অনেকেই আবার বাধ্য হয়ে পরিবার পরিজনদের নিয়ে বসবাস করছে খোলা আকাশের নিচে। কেউ কেউ আবার উঠেছে সাইক্লোন শেল্টারে।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হলুদবুনিয়া এলাকা থেকে বাঁধ মেরামতে আসা গোপাল সরকার বলেন, ‘এক দিন আয় না করলে তাদের সংসার চলে না, তবুও বাঁচার তাগিদে বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়েছে। এ আপসোস শুধু গোপালের নয়, কয়রার অবহেলিত লাখো মানুষের। ওই এলাকার অধিকাংশ মানুষই নিম্নবিত্তের।
বাঁধ মেরামতে আসা লোকজন অভিযোগ করেন, চরামুখার বাঁধটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও তারা এড়িয়ে গেছে। এলাকার জনপ্রতিনিধিদের জানালে এ কাজ তাদের দায়িত্বের মধ্যে পড়ে না বলে জানিয়ে দেন। উপজেলা প্রশাসনও একই কথা জানায়। অথচ বাঁধ ভাঙলে বারবার ভুক্তভোগী মানুষকেই তা রক্ষায় এগিয়ে আসতে হয়। তাছাড়া এবার সরঞ্জাম সরবরাহে চরম গাফিলতির অভিযোগ তাদের।
সোমবার সকলের সাথে কাজ করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম। কাজের শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঁশ ও ব্যাগ স্বল্পতায় কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ড যে সরঞ্জামাদি দিয়েছিল সেটা যথেষ্ট ছিল না। পর্যাপ্ত মানুষ থাকার পরেও বাঁধ নির্মাণ সম্পন্ন করতে পারিনি।
পানি উন্নয়ন বোর্ডের ওখানকার যাবতীয় কাজ দেখাশুনা করেন ইউপি সদস্য মো. মোজাফ্ফার শিকারী। সরঞ্জামের বিষয়ে তিনি জানান, যথেষ্ট ব্যাগ ছিল। জোয়ারের পানি আসায় শেষ করতে পারিনি। তিনি আরও বলেন, যত খরচ আমিই করেছি এ পর্যন্ত। আমার নিজে হাতেই করেছি। একটা ব্যাগের দাম ৭ টাকা। অপচয় ঠেকাতে হয়ত ছোটদের কাছে ব্যাগ দেয়া হয়নি। আপনি নিজ হাতে কেন খরচ করেছেন ? জানতে চাইলে এড়িয়ে তিনি বলেন, নিজের থেকে করেছি। পানি উন্নয়ন বোর্ড দিলে দিবে, না দিলে না দিবে। তিনি আরও বলেন, পাউবো সরাসরি ফান্ড দিতে পারে না, ব্যাগ কিনে দিয়েছিল। তাকে ডিপিএম দিলে তার এই খরচ উঠবে বলে জানান তিনি।
সরঞ্জাম সংকটের বিষয়ে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুজ্জামান বুলবুল বলেন, পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকায় কাজে সমস্যার হয়। পানি উন্নয়ন বোর্ড তেমন কোন সহযোগীতা করছেন না। নিজেরা স্থানীয়ভাবে অর্থ দিয়ে যতটুকু পারছি সরঞ্জাম কিনে কাজ করছি। একমাস আগেও বেঁধে ছিলাম। পাউবো কাকে কি দিচ্ছে জানিনা। মোজাফ্ফার মেম্বারের সাথে তাদের কি আছে জানিনা। মোজাফ্ফার মেম্বারও ব্যাগ কিনতেছেন আর বলতেছে আমরা কিনে নিয়ে আসছি।
অন্য এক ইউপি সদস্য মো. মাসুদ রানা বলেন, মেম্বার মোজাফ্ফার পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি। তার মাধ্যমে আমরা সরঞ্জামাদি পাচ্ছি। তবে চাহিদার তুলনায় তা কম বলে তিনিও স্বীকার করেন।
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, আমরা দেখেছি বিগত ১০ বছরে জরুরী কাজের নামে কয়রার বেড়ীবাঁধ সংষ্কার ও নির্মাণ বাবদ খরচ দেখানো হয়েছে ১শ’ ৪২ কোটি ৫৮ লাখ ৮ হাজার টাকারও বেশি। অথচ সেসব জোড়াতালির বাঁধ সংস্কারের নামে যেটুকু কাজ হয়, সেখানেও রয়েছে আমলা-কর্মকর্তা-জনপ্রতিনিধি-ঠিকাদার মিলিয়ে সরকারি তথা জনগণের অর্থ লুটপাটের অসাধু চক্র। টেন্ডারে কাজ পেয়ে মূল ঠিকাদার নিজের লাভটা রেখে কাজটা বিক্রি করে দেন আরেকজনের কাছে। এভাবে হাতবদল হলে কাজের মান খারাপ হতে বাধ্য- এটাই দেখে এসেছি এতদিন।
পাউবো সূত্রে জানা গেছে, ১৪/১ নম্বর পোল্ডারে কয়রা উপজেলার শাকবাড়িয়া, মেদেরচর, ঘড়িলাল বাজার ও চরামুখা এলাকার বাঁধ মেরামতে ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ হয়। কাজটিতে অর্থায়ন করেছে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা)। কাজটির সার্বিক তদারকির দায়িত্বে রয়েছে বাপাউবো সাতক্ষীরা-২ বিভাগ। দরপত্রের মাধ্যমে ‘অনন্ত বিকাশ ত্রিপুরা’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ওই কাজটির দায়িত্ব পায়।
প্রতিষ্ঠানটির ঠিকাদার জাকির মোহান্দি ফেনি জেলার বাসিন্দা। তিনি তার পূর্ব পরিচিত শ্রমিক সরদার সাতক্ষীরার আক্কাস আলীর কাছে লিখিত চুক্তির মাধ্যমে লাইসেন্স ভাড়া দিয়েছেন। বিষয়টি শ্রমিক আক্কাস আলী স্বীকার করেছেন। বর্তমানে ওই কাজটি তিনিই করছেন। আর স্থানীয়ভাবে কাজ দেখাশুনা করছেন ওই মোজাফ্ফার মেম্বার। গত ১৭ জুলাই চলমান কাজের চরমুখা অংশের প্রায় তিনশ’ মিটার ভেঙে নদীতে বিলিন হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বড় কাজের জন্য প্রয়োজনীয় অর্থ, সরঞ্জাম ও লোকবল নেই ওই শ্রমিক সর্দারের। যে কারণে মান ভালো না হওয়ায় চলমান কাজের চরামুখা এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, দাপ্তরিকভাবে ওই কাজের তদারকির দায়িত্বে আছেন পাউবো’র উপ সহকারি প্রকৌশলী মশিউল আবেদীন। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, কয়রার দক্ষিণ বেদকাশী এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাথমিক ভাবে পানি প্রবেশ রোধ করা গেছে। পাউবোর পক্ষ থেকে বেড়িবাঁধ মেরামতের জন্য বাঁশ ও জিও ব্যাগ দেওয়া হয়েছিল। এবার পাউবো বাঁধ শক্তিশালী করার কাজ করবে।









