- সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে ঝুঁকিতে ১ কোটি মানুষ
- লোনা পানিতে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি
- সুপেয় পানি সরবরাহ জরুরি
- শূন্য কলসি হাতে মানববন্ধন
জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে। বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ৪ মিলিমিটার। আশংকা করা হচ্ছে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০০ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে দক্ষিণ উপকূল তলিয়ে গিয়ে ১ কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়বে। এরই মধ্যে ঘন ঘন দূর্যোগ এবং বঙ্গোপসাগরে উত্তাল হয়ে ওঠা তারই পূর্বলক্ষণ।
দক্ষিণ উপকূলের কোটি মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিতের দাবিতে গতকাল সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসন চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এসকল তথ্য তুলে ধরেন বক্তারা। জলবায়ু অধিপরামর্শ ফোরাম নামে বেসরকারি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এসময় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি এবং সদর উপজেলার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘূর্নিঝড়, জলোচ্ছাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টি ও অনিয়মিত বৃষ্টি, খরা ও লবনাক্ততা বৃদ্ধি, ভূকম্পনের ফলে দেশের দক্ষিণ উপকূলে খাদ্য ও কৃষি উৎপাদনে চরম সংকটে পড়েছে। এ কারণে খাদ্য নিরাপত্তাও বিঘ্নিত হতে চলেছে। টেকসই বেড়িবাঁধের অভাবে লবনাক্ত পানিতে সয়লাব হচ্ছে জনপদ। এতে পরিবেশ ও বসতি ধ্বংসের পাশাপাশি সুপেয় পানির সংকট তীব্রতর হয়ে উঠছে। অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে লবনাক্ততার এ মাত্রা আরও বাড়ছে জানিয়ে তারা বলেন, লোনা পানির ব্যবহারে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের ৮৩৪ বর্গকিলোমিটার উপকূল কোনো এক সময় পানিতে তলিয়ে যাওয়ার আশংকার কথা পূর্বেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এ অবস্থা থেকে রক্ষা পেতে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সরকারকে এগিয়ে আসতে হবে।
জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, লীডার্স এর পরিতোষ কুমার বৈদ্য, ভূমিহীন নেতা আলী নূর খান বাবুল, নারীনেত্রী খুরশিদ জাহান হক শিলা, ফরিদা আক্তার বিউটি, তহমিনা ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে ফের শূন্য কলসি হাতে নিয়ে শত শত নারী পুরুষ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। এর মধ্যে রয়েছে সুপেয় পানি নিশ্চিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মান, উপকূলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ প্রদান, সাতক্ষীরায় অর্থনৈতিক জোন ঘোষণা। জেলা প্রশাসক হুমায়ুন কবির স্মারকলিপি গ্রহন করেন এবং তা প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন বলে জানান।
চারদিকে নোনা পানি অথচ এতটুকু পানি খাওয়ার জো নেই। উপকূলবাসীর এ কষ্ট দীর্ঘদিনের। তবে এমন অবস্থা থেকে রক্ষা পেতে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন স্থানীয়রা।









