- সড়কে নেই যানজট-গাড়ির চাপ
রাজধানীতে যেন ঈদের ছুটি চলছে। প্রধান আর শাখা সড়কগুলো অনেকটাই ফাঁকা। গড়ির চাপ একেবারেই কম। মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, বনানী, বাড্ডা ও উত্তরা ঘুরে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। গোটা রাজধানীই যেন কিছুটা বিরাম নিচ্ছে।
মূলত দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে পড়ে এমন দৃশ্য দেখা গেছে রাজধানীতে। এর মধ্যে গতকাল বুধবার ছিল বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর দুর্গাপূজা উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। এদিনে বন্ধ রয়েছে ব্যাংক, শেয়ারবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী রবিবার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে পড়েছে দেশ। রাজধানী ঢাকা প্রায়ই ফাঁকা, নেই যানজটও। আর টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় বিশ্রাম নিতে দেখা যায়। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে।
টানা ছুটির কারণে গত মঙ্গলবার সন্ধ্যা ও রাতে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চঘাটে ভিড় দেখা যায়। গতকাল বুধবারও ঢাকা ছেড়েছেন বহু মানুষ। আজ বৃহস্পতিবারও ঢাকা ছাড়বেন অনেকে।
প্রতিদিনের মতো রিকশা নিয়ে ঢাকার সড়কে বের হয়েছেন অনেক রিকশাচালক। তারা বলছেন, ছুটির দিন হিসেবে তারা অনেকেই জানতেন না। যে কারণে রাস্তায় এসে যাত্রী পাচ্ছিলেন না। কর্মরত ট্রাফিক সদস্যরা বলছেন, সকাল থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও তাতে তেমন যাত্রীও দেখা যাচ্ছে না। ঈদেও এমন রাস্তা ফাঁকা দেখা যায় না। বাসচালকদের ভাষ্য, তারা সকালেই গাড়ি নিয়ে বের হয়েছেন। রাস্তায় যাত্রী নেই। বেলা ১১টা পর্যন্ত ভাড়া তুলেছেন দুই থেকে আড়াইশো টাকার মতো। মালিককে দেয়ার মতোও নয়।









