বাংলাদেশ থেকে বিদেশী নাগরিকদের শুধু পাঠিয়ে দেওয়াই নয়, বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম দফায় ভারত থেকে ফিরিয়ে আনা হবে প্রায় এক হাজার নাগরিককে৷ আগামি ২০ এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু হতে যাচ্ছে।
আটটি বিশেষ বিমানে ভারতের চেন্নাই এবং কলকাতা থেকে আটকে পড়াদের ফিরিয়ে আনা হবে৷ বিশেষ এ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। বিমান ভাড়া শোধ করতে হবে আগত যাত্রীদেরই৷ এক্ষেত্রে বিমান শুধুমাত্র যাত্রীদের নিয়ে এলেও যাওয়ার সময় খালি যেতে হবে বলে আসা যাওয়ার ভাড়াই দিতে হবে যাত্রীকে।
ইউএস-বাংলার কর্মকর্তারা বলেন, আমরা কেবল বাংলাদেশী নাগরিক বহন করার জন্য চেন্নাই ও কলকাতায় যাবো। আমাদের ১8৮ আসনের বোয়িং বিমানে করে যাত্রী ফিরিয়ে আনা হবে।
বিশেষ ফ্লাইটগুলি ২০ থেকে ২৫ এপ্রিল চেন্নাই থেকে স্থানীয় সময় সোয়া বারোটায় রওনা দেবে। ঢাকায় পৌছবে বেলা সোয়া তিনটার নাগাদ। ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে সকাল সাড়ে ১১ টায় রওয়ানা দিয়ে দুপুর ১টায় ঢাকা পৌছবে৷
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ভারতে বর্তমানে ১ হাজার শিক্ষার্থীসহ প্রায় আড়াই হাজার বাংলাদেশি নাগরিক আটকে পরেছে।
আনন্দবাজার/তা.তা









