নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের পর ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডের রায় এলো টাঙ্গাইলে। ২০১২ সালে টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসাছাত্রীকে (১৫) ধর্ষণের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাসিমুল আকতার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি রিশি, রাজন, সঞ্জীত এবং গোপী চন্দ্র শীল। এদের মধ্যে সঞ্জীত এবং গোপী চন্দ্র কারাগারে থাকলেও বাকিরা এখনও পলাতক রয়েছে।
এর আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হয়। এর পরের দিন সেই অধ্যাদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনে পরিণত হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর দেশে ধর্ষণ মামলায় আদালতের দেয়া এটাই প্রথম কোনো মৃত্যুদণ্ডাদেশ।
আনন্দবাজার/ডব্লিউ এস









