বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিধ্বংসী বন্যা হয়েছিল ১৯৮৮ সালে। তবে চলতি বছরের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর পক্ষ থেকে এমন আশঙ্কার কথা বলা হয়েছে।
ওসিএইচএ জানায়, এবারের বন্যায় এখন পর্যন্ত দেশের ১৮টি জেলায় ২৪ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়ে ৫৬ হাজার মানুষ সরকারি আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ বাড়িঘর ডুবে গেছে এবং বাঁধ ও বাঁধের মতো সুরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ওসিএইচএ ।
ইউএন সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড এর পক্ষ থেকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তার জন্য সম্প্রতি জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোকে প্রাথমিকভাবে ৫ দশমিক ২ মিলিয়ন ডলারের তহবিল দেওয়া হয়েছে ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রমতে, ২১ জুলাই পর্যন্ত দেশের ২০টি জেলার ৯৮ উপজেলার ৬০৩ ইউনিয়ন বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। মন্ত্রণালয়টির সচিব মো. মোহসীন বলেন, ক্ষয়ক্ষতির হিসাব চলছে। এখনও চূড়ান্ত করা হয়নি। আমরা প্রতিদিন অল্প অল্প করে হিসাব করে যাচ্ছি। প্রতিদিন সেটি আপডেট করা হচ্ছে।
আনন্দবাজার/এম.কে









