করোনাভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতির প্রধান চার খাতই ধসে যাওয়ার উপক্রম হয়েছে। এর মাঝে গত এপ্রিল মাসে রাজস্ব খাতে কোনো প্রবৃদ্ধিই নেই। একইভাবে প্রবৃদ্ধি নেই আমদানি ও রফতানি খাতেও। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও হয়নি প্রবৃদ্ধি কোনো। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, উল্লেখিত চার খাত শুধু নিম্নমুখীই হয়নি, এই খাতগুলোতে নেতিবাচক প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত এপ্রিল মাসে সরকারের রাজস্ব খাতে কোনো প্রবৃদ্ধি হয়নি, উল্টো এই খাতে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫৪ দশমিক ৪৩ শতাংশ। একইভাবে সে মাসে আমদানি খাতে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৪ দশমিক ১৭ শতাংশ।
ওইমাসেই রফতানি খাতে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে ৮২ দশমিক ৮৬ শতাংশ। আর মে মাসে এই খাতে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৬১ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া মে মাসে রেমিট্যান্সে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, করোনার কারণে অর্থনীতির সব খাতই বাধাগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, অর্থনীতির শুধু প্রধান চার খাতই না, বরং অর্থনীতির কোনো খাতেই প্রবৃদ্ধি হচ্ছে না। তিনি মনে করেন , আগামী কয়েক মাসেও একই পরিস্থিতি বহাল থাকবে। আর এই ধারণা সত্য হলে চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রবৃদ্ধি এক শতাংশেরও কম হতে পারে।
প্রসঙ্গত, সরকার এবারের অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ২ শতাংশে নামিয়ে এনেছে।
আনন্দবাজার/তা.তা









