রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকায় যতদূর চোখ যায়, শুধু মানুষের ঢল। লাখ লাখ মানুষ এসেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। আজকের এই জনস্রোত প্রমাণ করছে, সাধারণ মানুষ তার নেত্রীত্বকে ছাপিয়ে তার জীবন ও ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ, সব শ্রেণির মানুষ কাঁদছেন। আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না কেউ। চোখের জল, কাঁদার শব্দ আর মানুষের স্বান্তনা দেওয়ার চেষ্টায় পুরো এলাকা পূর্ণ। সারা দেশ থেকে মানুষ এসেছেন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। প্রকৃতিও যেন এ বিদায়ে সাথে রয়েছে; কনকনে ঠান্ডা কেটে, আজ সকালে মৃদু রোদ উঠেছে।
দুপুর আড়াইটার দিকে সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের সড়কগুলো মানুষের ঢলে ভরে গেছে। এই জনস্রোত পৌঁছেছে ফার্মগেট পর্যন্ত।
সকাল ১১টা ৪৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় মর্যাদায় লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে নিয়ে আনা হয়। এর আগে সকাল ১১টার দিকে ছেলে তারেক রহমানের বাসা থেকে ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে।
দীর্ঘ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের এই প্রভাবশালী রাজনীতিক। হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি।









