হুমকিতে বসতবাড়ি-ফসলি জমি
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় কুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। এতে হুমকির মুখে রয়েছে নদের পাড়-বসতভিটা ও রাস্তাঘাট। স্থানীয়রা জানান, উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে করে নদীরপাড় ভেঙে যাওয়াসহ এলাকাবাসী পড়ছে নানা দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু ব্যবসায়ী লাভলু ড্রেজার মেশিন দিয়ে বেশ কিছুদিন যাবৎ বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছে। তবে ড্রেজার মালিক লাভলুর দাবী, নদের বালু উত্তোলন করে এলাকাবাসীর কাজে লাগছে। তাই প্রশাসনের লোকদের জানিয়েই এই বালু উত্তোলন করছি।
এলাকাবাসীর দাবী, দীর্ঘদিন ধরে উপজেলার ঘারুয়া ব্রিজ থেকে শুরু করে দিগনগর ব্রিজ পর্যন্ত কুমার নদীতে একাধিক অবৈধ ড্রেজার বসিয়ে একটি মহল বালু উত্তোলন করে যাচ্ছে। এতে করে নদীর দুই পার ভেঙে যাওয়াসহ এলাকাবাসী চরম দূর্ভোগের শিকার হচ্ছে। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছে। প্রশাসন জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।
বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলন কারী যতবড় প্রভাবশালীই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যদি আমাদের অফিসের কেউ এই সংশ্লিষ্ট সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন বলেন, আমরা ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। গত দুই দিনে ৬ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই ইউএনও।









