করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আইসক্রিম ও বেভারেজ শিল্প। করোনার জেরে টানা দুই মাসেরও বেশি সাধারণ ছুটি থাকায় বেচাকেনা নেমে এসেছে ২০ থেকে ৩০ শতাংশে। এছাড়া বিক্রি না হওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য বাজার থেকে তুলতে রয়েছে বড় অঙ্কের লোকসানের আশঙ্কা। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনা ও করসুবিধা চায় প্রতিষ্ঠানগুলো।
এ প্রসঙ্গে ইগলু আইসক্রিম অ্যান্ড মিল্ক ইউনিটের সিনিয়র ম্যানেজার সুমিত চক্রবর্তী জানান, এই পরিস্থিতিতে আমরা ৮০০ থেকে ১০০০ কোটি টাকার একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছি। এবং শুধু কোম্পানিগুলো না, এই শিল্পের সঙ্গে যুক্ত অনেক ছোট ছোট ব্যবসা আছে। তাদের ব্যবসাও শূন্যের কোটায়।
জানা যায়, এমন অবস্থা কার্বোনেটেড বেভারেজ, জুস, লাচ্ছি ও লাবানের মতো পানীয় দ্রব্যেরও। স্থানীয় ও বহুজাতিক মিলে ১৩টি প্রতিষ্ঠিত ব্র্যান্ড দেশের বাজারে এসব পণ্য বাজারজাত করে। যেখানে বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ১২ হাজার কোটি টাকা। কিন্তু মূল মৌসুমেই করোনার প্রকোপে মার্চ থেকে এখন পর্যন্ত ছয় হাজার কোটি টাকার ব্যবসা হারিয়েছে এ খাত।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম জানান, সব মিলিয়ে প্রায় ৭০ ভাগ ক্ষতি হয়েছে। তবে প্রণোদনা যদি সঠিক সময়ে পাওয়া যায় তাহলে শিল্প টিকে থাকবে।
আনন্দবাজার/টি এস পি









