দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচ। নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডা. মীরজাদী সেব্রিনা বলেন, আজ সকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয় ছিলেন।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তি গত ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে আইইডিসিআরে নিয়ে আসা হয়। তার ডায়াবেটিস ছিল। এ ছাড়া হাইপারটেনশনও ছিল।
ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে কারও শরীরে ভাইরাস শনাক্ত হয়নি। আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জন। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন সাত জন।
আনন্দবাজার/ টি এস পি









