দেশের শেয়ারবাজারে ভয়ানক দরপতনের মুখে পড়ে বিনিয়োগকারীদের একটি বড় অংশের পক্ষ থেকে দুই সপ্তাহের জন্য লেনদেন বন্ধ রাখার দাবি জানানো হয়েছিল তবে তা নাকচ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
১৫ মার্চ (রোববার) লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় ধস নামায় দুপুরে বিনিয়োগকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল নিকুঞ্জে অবস্থিত ডিএসইর কার্যালয়ে যান। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধিদল ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আবদুল মতিন পাটোয়ারী, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)।
বৈঠক শেষে আব্দুর রাজ্জাক জানান, ভয়াবহ দরপতন হওয়ায় আমরা দুই সপ্তাহের জন্য শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছিলাম। তবে ডিএসইর এমডি বলেছেন এ মুহূর্তে লেনদেন বন্ধ করা হবে না।
তিনি আরও বলেন, ডিএসইর এমডি আগামীকাল থেকে বাজার ভালো হবে এমনটা আশ্বস্ত আমাদের দিয়েছেন। ডিএসইর এমডির এই আশ্বাসে আমরা আশাবাদী। আমরা সকলেই চাই এই বাজার ভালো হোক। একারণে আমরা আগামী দুইদিন দেখব। এর মধ্যে যদি বাজারে গতি না ফিরলে, আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো বলে জানান বিনিয়োগকারীদের এক প্রতিনিধি।
এ ব্যাপারে ডিএসই পরিচালক রকিবুর রহমান জানান, বিনিয়োগকারীদের আতঙ্কিত হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। আতঙ্কে পেনিক সেল না দিয়ে শেয়ার ধরে রাখতে হবে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সবাই বাজার ভালো করতে আপ্রান চেষ্টা করছে। সুতরাং আমি বিশ্বাস করি এই বাজার ভালো হবে।
আনন্দবাজার/তা.তা









