বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাঁচি, কাশি এবং অন্যান্যদের সংস্পর্শে না আসার জন্য বাংলাদেশ ব্যাংকের সকল শাখার কর্মকর্তাদের জোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। এমনকি জ্বর-সর্দিতে আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ১৪ দিনের ছুটি বাধ্যতামূলক করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে- সম্প্রতি বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস মানুষের ফুসফুসের সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ঠান্ডার মতোই এই ভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়। এটা থেকে বাঁচতে ব্যাংকের সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সর্তকতা অবলম্বন এর নির্দেশনা দেওয়া হল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, করোনা ভাইরাসে দেশেও অনেকে আক্রান্ত হয়েছে। একজন মারাও গেছেন। মহামারি প্রাণনাশক এ সংক্রামক থেকে বাচঁতে কর্মীদের বেশকিছু বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বাহিরের অনেক লোক বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসেন। তাদের মাধ্যমে যেন এ ভাইরাস না ছড়ায় সে জন্য কেন্দ্রীয় ব্যাংকের মূল প্রবেশ গেটে হ্যান্ড স্যানেটাইজার ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আনন্দবাজার/রনি








