- তিন মাসেই বিনিয়োগ নিবন্ধন বেড়েছে ৪৬ ভাগ
- ২৯ হাজার নতুন কর্মসংস্থানের সম্ভাবনা
- ২০২০ সালে বেশি প্রস্তাব কৃষি খাতে
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে বিনিয়োগের সুবাতাস বইতে শুরু করেছে দেশে। তবে করোনা মহামারির মধ্যেও আশা জাগিয়ে দিয়েছে বিনিয়োগের সুসংবাদ। বিশেষ করে অন্যান্যা খাতের তুলনায় প্রযুক্তিখাতে বিনিয়োগের প্রবাহ প্রত্যাশার চেয়ে অনেক বেশি। দেশে নতুন যেসব শিল্পাঞ্চল চালু হচ্ছে সেগুলোতে বিদেশি বিনিয়োগের সাড়া মিলছে। অনেক ক্ষেত্রে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে। তারা বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিতও করেছে। তবে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান অনুসারে দেখা গেছে, স্থানীয় পর্যায়ে রাসায়নিক শিল্পখাতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিডার পরিসংখ্যান বলছে, দেশে সার্বিক বিনিয়োগ প্রস্তাব বেড়েছে। এই প্রস্তাব গত ২০২০–২১ অর্থবছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। দেশি-বিদেশি এই বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে নতুন করে প্রায় ২৯ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
বিডার পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২১–২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় ২০ হাজার ৪৬৪ কোটি টাকার দেশি–বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। গত অর্থবছরের এই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩ হাজার ৯৮৪ কোটি টাকার। গেল অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার।
বিডার সূত্রমতে, চলতি অর্থবছরে ১৮৯টি শিল্পপ্রতিষ্ঠান বিডার কাছে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে স্থানীয় ১৭৭টি প্রতিষ্ঠান ১৮ হাজার ৫৮৬ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে। যা গত বছরের চেয়ে ৫ হাজার ৮৮৭ কোটি টাকা বেশি। সে হিসাবে চলতি বছরে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ।
স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে রাসায়নিক শিল্প খাতে। এ ছাড়া সেবা, প্রকৌশল ও টেক্সটাইল খাতেও উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। একই সময়ে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ৪৬ শতাংশ বেড়েছে।
বিডার তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে সাতটি শতভাগ বিদেশি ও পাঁচটি যৌথ মালিকানার প্রতিষ্ঠান মোট এক হাজার ৮৭৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। গত অর্থবছরে শতভাগ বিদেশি ও যৌথ মালিকানা মিলিয়ে ২০টি শিল্পপ্রতিষ্ঠান এক হাজার ২৮৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। চলতি বছর বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চেয়েছেন কৃষি খাতে। এ ছাড়া টেক্সটাইল, সেবা ও প্রকৌশল খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য প্রস্তাব এসেছে।
বিডার সূত্রমতে, করোনা পরিস্থিতির মধ্যেও চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় বিনিয়োগ বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। করোনা পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার পক্ষ থেকে বিভিন্ন দেশের বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে আনলাইনভিত্তিক আলোচনা সভার আয়োজন করার কারণেই বিনিয়োগের এই সুসংবাদ এসেছিল। তবে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় সহায়ক নীতিমালা প্রণয়ন ও বিদ্যমান নীতিমালার সংস্কারের বিষয়ে জোর দেয়ার কথা জানিয়েছিলেন বিনিয়োগকারীদের অনেকেই। এজন্য বিডার পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেয়ার দাবিও জানিয়েছিলেন।
আনন্দবাজার/শহক









