সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প ছাড়া কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ব্যয় করা যাবে না। এছাড়া ‘মধ্যম অগ্রাধিকার’ চিহ্নিত কিছু প্রকল্পগুলোতে ব্যয় করা যাবে। এ নির্দেশের আওতার বাইরে থাকবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো। অর্থ মন্ত্রণালয় থেকে বুধবার এসব নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করা হয়েছে। তবে এখন প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অগ্রাধিকার খাতগুলোতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হচ্ছে। তাই চলতি অর্থবছরের (২০১৯-২০) এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে।
এতে আরও জানানো হয়, প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগের আওতাধীন সব দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন প্রকল্পগুলোর মধ্যে যেগুলো ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ চিহ্নিত সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্দেশনায় বলা হয়, কম গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে অর্থ ব্যয় করার আগে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।
আনন্দবাজার/এস.কে









