চীনে সম্প্রতি প্রাদুর্ভাব হওয়া ‘করোনা ভাইরাস' এর ছড়িয়ে পড়া রোধে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানিং শুরু হয়েছে সোমবার থেকে৷ এ বিষয়ে বিমানবন্দরের কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দিয়েছে আইইডিসিআর৷
নতুন এই ভাইরাসটি চীনের উহান প্রদেশে ব্যাপকভাবে ছড়িয়েছে৷ ওই এলাকায় এ পর্যন্ত দুই শতাধিক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিনজন৷
আইইডিসিআর- এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর জানান, ‘‘চীনের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে৷ এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ানোর প্রমাণ তারা এখনো পাননি বলে আমাদের জানিয়েছেন৷''
চীন ছাড়া অন্য কোনো দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর এখনো পাওয়া যায়নি৷ তবে থাইল্যান্ড ও জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে জানান ডা. এস এম আলমগীর৷ সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মী , চিকিৎসক এবং চিকিৎসায় নিয়োজিত কর্মীদের থার্মাল স্ক্যানিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়৷ এদিন থেকেই যাত্রীদের থার্মাল স্ক্যানিং শুরু হয়েছে৷ বিশেষ করে চীন, জাপান, থাইল্যান্ড, হংকং এবং দক্ষিণ কোরিয়া থেকে যে যাত্রীরা বিমানে আসছেন তাদের স্ক্রিনিং করা হচ্ছে৷
সূত্র - ডয়েচ ভেলে
আনন্দবাজার/জায়েদ









