হঠাৎ করেই নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে চীনে। নতুন এই ভাইরাসের আক্রমণে ইতোমধ্যে দুজন মারাও গেছে দেশটিতে। চীনের উহান শহর থেকে উৎপত্তি লাভ করা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো সহস্রাধিক মানুষ।
চিকিৎসা বিজ্ঞানীরা এই ভাইরাসকে চিহ্নিত করেছেন ২০১৯-এনসিওভি-করোনা নামে। চীন ছাড়াও সিঙ্গাপুরে ৩ জন এবং থাইল্যান্ডে ২ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ভ্রমণ শেষে আসা দেশি-বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সেবা’র অতিরিক্ত মহাপরিচালক ‘রোগ নিয়ন্ত্রণ’ অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন, ২০১৯-এনসিওভি-করোনা ভাইরাসের তথ্য আমরা পেয়েছি। ইতোমধ্যে এ বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২-২০০৩ সালে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সের সংক্রমণে বিশ্বজুড়ে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছিল। তার পেছনেও ছিল করোনাভাইরাস। ২০১৯-এনসিওভি-করোনা সেই করোনা ভাইরাসেরই পরিবর্তিত নতুন সংস্করণ।
আনন্দবাজার/ডব্লিউ এস








