সব ধরনের চাল ও আটার দাম বেড়েছে। মোটা চাল কেজি প্রতি বেড়েছে ২ টাকা। পাশাপাশি মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে প্রায় ৫ টাকা। গত এক মাসে তিন দফা বেড়ে বর্তমানে আটা প্রতি কেজি ৭৫ টাকা বিক্রি হচ্ছে। দুই কেজির প্যাকেটজাত আটার দাম ১৫০ টাকা। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।
ধানের মৌসুম শেষদিকে বিধায় চালের দাম বাড়তি জানিয়ে কাওরান বাজারের চাল বিক্রেতা নাঈম কামাল বলেন, চাহিদার তুলনায় বাজারে চাল পযাপ্ত নেই। কিন্তু কিছুদিন পর আমন চাল বাজারে আসবে। তখন চালের দাম কমতে পারে।
আরও বলেন, বর্তমানে মোটা পাইজাম চাল ৫৬ থেকে ৬০ টাকা, মাঝারি মানের মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা ও সরু নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর মধ্যে পাইজাম চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা, মিনিকেট ২ থেকে ৩ টাকা ও ভালো মানের নাজিরশাইল চালের দাম বেড়েছে ৫ টাকা। চিকন চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৬৮ টাকা, মাঝারি বা পাইজাম চাল ২ টাকা বেড়ে ৬০ এবং মোটা চাল কেজিতে ২ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
কাপ্তান বাজারের আলী হোসেন বলেন, গত এক মাসে তিন দফা বেড়ে বর্তমানে আটা প্রতি কেজি ৭৫ টাকা বিক্রি হচ্ছে। দুই কেজির প্যাকেটজাত আটার দাম ১৫০ টাকা। ওই বাজারে চাল ক্রেতা রহমতের সঙ্গে কথা হয়। তিনি বলেন, চালের কেজি ৫০ টাকা যখন ছিল তখন এক কেজি আটার দাম ছিল ৩২ টাকা। আর এখন ৭৫ টাকা। দুই মার্কেটের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তারা বলেন, দুই সপ্তাহ আগে বেড়ে যাওয়া তেল ও চিনির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম ১০৭ টাকা নির্ধারিত থাকলেও সাদা চিনির সরবরাহ কম। যা পাওয়া যাচ্ছে, তার দাম ১১০ থেকে ১১৫ টাকা। প্যাকেটজাত লাল চিনির কেজি ১৩৫ থেকে ১৪০ টাকা।
এদিকে, চালের দাম বাড়লেও কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। সবজির দামও আগের তুলনায় কমেছে। কাওরান বাজারের ডিম ব্যবসায়ী জব্বার বলেন, এখন পাইকারিতে প্রতি ডজন ডিমের দাম ১০৫ টাকা। খুচরা ব্যবসায়ীরা প্রতি ডজন বিক্রি করছেন ১১৫ থেকে ১২০ টাকা। এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ১৫ থেকে ২০ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি এখন প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। কমেছে সোনালি মুরগির দাম। কেজি প্রতি সোনালি মুরগির দাম ২৬০ থেকে ২৮০ টাকা। গত সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা।
বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম সেই অনুযায়ী কমেনি। খুচরা দোকানে পেঁপে ৩০ টাকা, মুলা ৪০ টাকাতে কেজি বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি শিম প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা, পাকা টমেটো ১১০ থেকে ১২০ টাকা, কাঁচা টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ১২০ থেকে ১৩০ টাকা, ফুলকপি প্রতিটি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/শহক









