বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে ভারতে এখন চলছে লকডাউন। ফলে রাস্তাঘাট, বাজার কিংবা সমুদ্র সৈকতে কোথাও নেই মানুষের ভিড়। আর এই সুযোগে ওড়িষার রুশিকুল্যা সমুদ্র সৈকত দখল করে নিয়েছে লাখ লাখ কচ্ছপ।
সৈকতে তারা আসছে, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। তাদের বাধা দেওয়ার মতো বা তুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। বিনাবাধায় সৈকতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা।
ওড়িষার বন দফতর জানায়, প্রায় সাত লাখ অলিভ রিডলেস (Olive Ridleys) কচ্ছপ নিয়মিত আসছে সৈকতে। মানুষের ভিড় এখন নেই। কোথাও নেই মানুষের উপদ্রব। এই সুযোগে ডিমও পাড়ছে কচ্ছপরা।
প্রতি বছর মার্চ মাস নাগাদ ওড়িষার গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে আসে এই প্রজাতির কচ্ছপ। তবে কখনোই এত বেশি সংখ্যক কচ্ছপ একসাথে আসতে দেখা যায়নি।
বনবিভাগের কর্মীদের মতে, এবার প্রায় ৬০ মিলিয়ন ডিম পাড়বে কচ্ছপরা। মানুষের অনুপস্থিতিতে নিজেদের বংশবৃদ্ধি করার সুযোগ ছাড়বে না তারা।
আনন্দবাজার/ টি এস পি








