দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করার বিষয়ে খুঁটিনাটি তদন্ত হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ওয়াহিদা খানমের ওপর হামলাকারী ও হামলার নেপথ্যে যারাই থাকুক, তাদের শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, যে দেশে খুনিদের প্রশ্রয় দেয়া হয়েছিল সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই কঠিন কাজটি বাস্তবায়ন করে যাচ্ছে।
উল্লেখ্য, গেল ২ সেপ্টেম্বর দিনগত রাতে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর গুরুতর অবস্থায় তাকে রংপুরে একটি ক্লিনিকের আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে ৩ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে সফলভাবে তার অস্ত্রপচার সম্পন্ন হয়।
আনন্দবাজার/এম.কে








