সম্প্রতি নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ কমিশনের কাছে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নিরবাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ শনিবার আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কে এম নুরুল হুদা বলেন, সাংবিধানিক কারনেই করোনার মধ্যেই উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনা আছে, আরও অনেকদিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ এবং নির্বাচনের মত কাজ এর মধ্যেই করতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের আদেশ দেন তিনি। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন সিইসি।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচনের কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার এবং ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন ।









