১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর গুটি জাতের আম। তবে অন্যান্য জাতের আম পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। করোনার কারণে এ মৌসুমে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন এবং ভোক্তা পর্যায়ে বিপণনে বিশেষ নির্দেশনা জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী, এই মৌসুমে গোপালভোগ আম নামাবে ২০ মে থেকে। এর পাঁচদিন পর ২৫ মে থেকে নামাবে লক্ষণভোগ, লখনা এবং রাণীপছন্দ। হিমসাগর, ক্ষিরসাপাত আম নামবে আরও তিন দিন পর ২৮ মে। আগামী ৬ জুন থেকে নামবে ল্যাংড়া আম। এরপর ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি নামবে। আর মৌসুমের শেষে আশ্বিনা ও বারি আম-৪ নামবে ১০ জুলাই থেকে।
আম চাষি ও বাগান মালিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। আম পাকানো ও সংরক্ষণ বা বাজারজাতে কোনো কেমিক্যাল মেশানো যাবে না।
আমে ভেজাল ঠেকাতে পরিবহনের আগে এই অঞ্চলের সবেচেয়ে বড় আমের বাজার জেলার পুঠিয়ার বানেশ্বরে চেকপোস্ট বসাবে জেলা পুলিশ। এছাড়া অন্যান্য জেলায় আম পরিবহনে নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দেবে পুলিশ।
তাছাড়া চলমান করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে আম পৌঁছে দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে ই-কমার্স চালুর পরামর্শ দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।আনন্দবাজার/শহক









