করোনার প্রভাবে রাজধানী বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম। কারওয়ানবাজার, মোহাম্মদপুর ও হাতিরপুলসহ বেশকয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। গত সপ্তাহে কেজিপ্রতি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।
এদিকে বেড়েছে সব ধরণের চালের দাম। যার মধ্যে আটাশ ও মিনিকেট চালের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে সবচেয়ে বেশি কেজিপ্রতি প্রায় ১০ টাকা। আর দাম বেড়েছে মসুরের ডাল, আদা, রসুন ও আলুরও। তাছাড়াও ফুলকপি ও কাঁচামরিচসহ প্রায় সব ধরণের সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ৭ টাকা।
করোনার কারণে ঘরে থাকতে হতে পারে এমন আশঙ্কায় কাঁচাবাজারসহ সুপারশপগুলো থেকে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনে সংরক্ষণের কথা জানিয়েছেন ক্রেতারাও।
তবে সরবরাহ থাকার পরও দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেছেন ক্রেতারা। আর নিয়মিত বাজার মনিটরিং এর দাবিও জানান তারা। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কেনায় নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
আনন্দবাজার/রনি









