করোনাভাইরাসের কারণে দেশজ উৎপাদনে (জিডিপি) নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাদের ধারণা, ভাইরাসটি বড় প্রভাব ফেলবে রেমিট্যান্স ও রফতানি আয়ে।
শনিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে এই আশঙ্কা প্রকাশ করা হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, যেসব দেশে আমদানি-রফতানি করা হয় তার সবগুলোই করোনায় আক্রান্ত। ফলে সামগ্রিকভাবে বহির্খাতে যে পারফরম্যান্স তাতে সামনের দিনগুলোতে নেতিবাচক প্রভাব পড়বে।
রফতানি উন্নয়ন ব্যুরোর ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসের প্রতিবেদন তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন, তৈরি পোশাক শিল্পে এখনই নেতিবাচক প্রভাব দেখছি। এটা সামনে আরও নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে। নিটওয়ারে পাঁচ দশমিক সাত শতাংশ ঋণাত্মক, ওভেনওয়ারের ক্ষেত্রে পাঁচ দশমিক নয় শতাংশ ঋণাত্মক, হোম টেক্সটাইলে সাত দশমিক পাঁচ শতাংশ ঋণাত্মক। এ থেকে সহজেই বুঝতে পারছি আগামী কয়েক মাসে এটা আরও ঋণাত্মক হতে পারে।
আনন্দবাজার/ টি এস পি








