বাংলাদেশ সরকারের কেনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের প্রতি ডোজের খরচ পড়বে ৫৩০ টাকা করে। ভ্যাকসিনের প্যাটেন্ট নিয়ে কাজ করা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে মোট ১ হাজার ৫৮৯ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। এতে তিন কোটি ভ্যাকসিনের প্রতি ডোজের খরচ আসে বাংলাদেশি টাকায় ৫৩০ টাকা আসে।
এর আগে ৫ নভেম্বর অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।
বেক্সিমকো ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে আনা হচ্ছে করোনার ভ্যাকসিন। আগামী বছরের জানুয়ারি থেকে এ ভ্যাকসিন বাংলাদেশে আসা শুরু হতে পারে। ভ্যাকসিন আনার পর রাখা হবে বেক্সিমকোর গুদামে।
যে দামে ভারত ভ্যাকসিন পাবে, সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকেও একই দামে ভ্যাকসিন দেবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগে সফল হয়েছে। বর্তমানে এটির তৃতীয় ধাপে প্রয়োগ শুরু হয়েছে, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে প্রমাণিত হয়েছে। প্রত্যেক মানুষের জন্য এর দুটি করে ডোজ দেয়া হবে। দেড় কোটি মানুষকে ২৮ দিন পর পর এ ডোজ দেয়া হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস









