‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভায়। প্রস্তাবিত আইনের খসড়ায় হজগমনেচ্ছুদের প্রতারণা থেকে সুরক্ষা দিতে যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ ব্যবস্থাপনায় কেউ বাংলাদেশের হাজিদের সঙ্গে সৌদি আরবে গিয়েও প্রতারণা করেন, সেই প্রতারণা বাংলাদেশে করা হয়েছে বলে গণ্য হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে উল্লিখিত আইনের খসড়াসহ মোট পাঁচটি বিষয় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
সৌদি আরবে গিয়ে হাজিদের সঙ্গে করা অপরাধের জন্য হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্তদের কোন শাস্তির বিধান নেই। আইনি কাঠামো না থাকায় এসব ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না। প্রস্তাবিত আইনটি পাস হলে এ ধরনের প্রতারণার জন্য দেশে শাস্তির আওতায় আসতে হবে প্রতারকদের।
প্রস্তাবিত আইন অনুযায়ী অনিয়মের জন্য হজ এজেন্সির নিবন্ধন বাতিল করা যাবে এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানাও করা যাবে। ওমরাহ এজেন্সির ক্ষেত্রে নিবন্ধন বাতিল ও ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। আর অপরাধের জন্য কোনো হজ এজেন্সিকে যদি পর পর দুই বছর সতর্ক করা হয়, তাহলে লাইসেন্স দুই বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকবে।
আনন্দবাজার/ডব্লিউ এস









