করোনাভাইরাস তান্ডবের মধ্যে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের দাম বেড়েছে বলে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশে’র (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুনসহ শুকনো মরিচ।
টিসিবির তথ্য মতে, গত এক সপ্তাহে সবচেয়ে বেশি দাম বেড়েছে আদার। এই পণ্যটির দাম এক সপ্তাহে বেড়েছে ১০৪ শতাংশ। শতকরা হিসেবে সবচেয়ে কম দাম বেড়েছে সয়াবিন তেলের। এই পণ্যটির দাম বেড়েছে ১ শতাংশ।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে তৈরি হয়েছে টিসিবির এই প্রতিবেদনটি।
টিসিবির তথ্য অনুসারে, বর্তমানে নাজির ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৬৮ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের চালের দাম বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।
গত এক সপ্তাহে ১৫ শতাংশ দাম বেড়েছে দেশি রসুনের। এক সপ্তাহ আগে ৮০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি রসুনের দাম এখন ১০০ থেকে ১৩০ টাকা।
গত এক সপ্তাহে দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজেরই দাম বেড়েছে। তবে দেশি পেঁয়াজের থেকে আমদানি পেঁয়াজের দাম বৃদ্ধির হার বেশি। ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম ১৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। আর আমদানি পেঁয়াজের দাম ৩১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৩৫-৪৫ থেকে ৫০-৫৫ টাকায় পৌঁছেছে।
গত এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে দেশি আদার দাম। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০৩ দশমিক ৭০ শতাংশ। ১২০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি আদার দাম এখন ২৫০ থেকে ৩০০ টাকা। দেশি আদার সঙ্গে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে আমদানি করা আদা। সপ্তাহে আমদানি করা আদার দাম বেড়েছে ৯৬ দশমিক ৯৭ শতাংশ। ১৫০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা আদা এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।
ছোট দানার মসুর ডালের দাম ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগেও১১০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া ছোট দানার মসুর ডালের দাম বেড়ে হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকা।
দেশি শুকনো মরিচের এক সপ্তাহে দাম বেড়েছে ১৮ দশমিক ৪২ শতাংশ। ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হওয়া শুকনো মরিচের দাম বেড়ে হয়েছে ২০০ থেকে ২৫০ টাকা। আর আমদানি করা শুকনো মরিচের দাম বেড়েছে ২০ শতাংশ।
আনন্দবাজার/তা.তা









