করোনার প্রভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিরাজগঞ্জের তাঁত পল্লী। এতে কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত ৩ লাখ শ্রমিক। ঈদের আগে কাপড় উৎপাদন করতে না পেরে বড় ধরনের লোকসানে পড়েছে তাঁত মালিকরা।
জানা যায়, তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। জেলার বেলকুচি, এনায়েতপুর, শাহাজাদপুরসহ বেশ ক'টি উপজেলার হাজার হাজার মানুষের জীবন জীবিকা জড়িত এই তাঁত শিল্পের সাথে। প্রতি বছর ঈদ মৌসুমে কাজের চাপে রাতদিন দম ফেলার ফুসরত থাকে না শ্রমিকদের। কিন্তু এবার করোনার প্রভাবে সকল কারখানার উৎপাদন বন্ধ । এছাড়া সিরাজগঞ্জ জেলায় তাঁত শিল্পে পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় ৪ লাখ। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১০ লাখ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সিফাত ই জাহান বলেন, ইউনিয়ন পরিষদে আমরা তাদের জন্য ত্রাণের তালিকা দিয়ে দেব। সেখান থেকে তারা সহযোগিতা নিতে পারবে।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ সভাপতি আবু ইউসুফ সুর্য জানান, সিরাজগঞ্জের ৩ লাখ শ্রমিকদের জন্য আলাদা করে সহায়তা করা প্রয়োজন। তাহলে হতো তারা কিছুটা স্বস্তি পাবে।
আনন্দবাজার/শহক









