সৌদি আরব প্রানঘাতী করোনা ভাইরাস এর জন্য এবছর হজ পুরোপুরি বাতিল না করে সীমিত সংখ্যক মুসল্লিকে অনুমতি দেয়ার পরিকল্পনা করছে। সোমবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব যান। সৌদি সরকারের বছরে আয় হয় অন্তত ১২০০ কোটি মার্কিন ডলার শুধু হজ ও বছরব্যাপী ওমরাহ থেকে।
কিন্তু এই বছর করোনার কারণে সংশয় দেখা দিয়েছে হজ নিয়ে। ইতোমধ্যেই সৌদিতে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দিন দিন সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশিরভাগ দেশেই।
গত মার্চে সৌদি কর্তৃপক্ষ পরমর্শ দেয়, বিশ্বব্যাপী মুসলিমদের আপাতত হজের পরিকল্পনা বাদ দেওয়ার। ঘোষণা দেওয়া হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরাহ পালন বন্ধ।
সম্প্রতি সৌদি আরবের হজ সংশ্লিষ্ট দু’টি সূত্র থেকে জানা যায়, দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজের অনুমতি দেওয়ার চিন্তা করছে।
সেক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার মাত্র ২০ শতাংশ মুসল্লিকে হজ করতে সৌদি প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। তবে বয়স্কদের জন্য এ সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
কিন্তু এখনও সৌদির কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এবারের হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন বলে জানা যায়।
আনন্দবাজার/এস.কে









