আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ১লা ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় শিল্পকারখানা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, ১লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে। এ দিন সাধারণ ছুটি উপলক্ষে সরকারি, বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান, সংস্থা বন্ধ থাকবে।
চিঠিতে আরও জানানো হয়েছে, ভোট গ্রহণের দিন অর্থাৎ ১লা ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে।
আগামী ১লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রার্থীরাও নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বেশ জোরেসোরে। এর আগে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও সরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পিছিয়ে ১লা ফেব্রুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন।
আনন্দবাজার/শাহী









