প্রাণঘাতী করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছুঁই ছুঁই। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেল ৬ হাজারে কাছাকাছি অন্যদিকে আক্রান্ত হয়েছে প্রায় ৮৩ হাজার।
এইদিকে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৭ হাজারের কাছাকাছি ।যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৩২০ জনের আর আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৮৮ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭হাজার ৩৯১।
অন্য দিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ঝরে গেছে ১ হাজার ১২০ জনের প্রাণ আর আক্রান্ত হয়েছে ৫ হাজার ২২৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫০৭ জন আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৬৪ হাজার ৩০৮ জন। প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের এই দেশটিতে।
স্পেনে আর ইতালির যেন মরণনেশায় মেতে উঠেছে, কোনভাবেই এর লাগাম টানতে পারছেনা দেশ দুইটি। ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৭৬৬ জন আর স্পেনে ৮৫০ জন। এই নিয়ে দু’দেশে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৬৮১ ও ১১ হাজার ১৯৮ জন আর মোট আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ৪২৭ এবং ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন।
করোনার সর্বশেষ পরিসংখ্যানঃ https://www.worldometers.info/coronavirus/
পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির স্থানীয় প্রশাসনকে। এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।
করোনায় নাজেহাল ইতালিতে লকডাউনের সময় এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে চার বিলিয়নের বেশি আর্থিক প্রাণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, আগামী দুই সপ্তাহ জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বাকি সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

অবনতির দিকে যাচ্ছে জার্মানির করোনা পরিস্থিতিও। জার্মানিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৬৮ জনের আর আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৬৫ জন।এখানে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৭৫ এবং আক্রান্ত ৯১ হাজার ১৫৯ জন।
ইরান ও যুক্তরাজ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই দুই দেশে যথাক্রমে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৩৪ আর ৬৮৪ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৭৫ ও ৪ হাজার ৪৫০ জন। আর ইরানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৯৪ এবং আক্রান্ত ৫৩ হাজার ৮৮৪ জন এবং যুক্তরাজ্যে মোট মৃত ৩ হাজার ৬০৫ ও আক্রান্ত ৩৮ হাজার ১৬৮।
বেলজিয়াম ও নেদারল্যান্ডও ক্রমাগত করোনার ছোবলে নীল হয়ে উঠছে। বেলজিয়ামে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৩২ জনের আর নেদারল্যান্ডে ১৪৮ জন।
আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মস্কোতে সবার জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কার্যকর করছে রাশিয়ান কর্তৃপক্ষ। আর করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টার কারফিউ জারি করল সৌদি সরকার।
এদিকে হু হু করে আক্রান্ত বাড়ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে। আর করোনার উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘন্টায় নতুন করে মারাগেছে ৪ জন আর আক্রান্ত হয়ছে ৩১ জন।
আনন্দবাজার/শহক








