বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে করোনাকালের এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি। তবে মনোনয়ন প্রত্যাহারের সময় বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা না দেওয়ায় ব্যালটে প্রতীক থেকে গেছে। তাছাড়া এই ভোট ঘিরে ভোটারদের তেমন আগ্রহ বা উপস্থিতি লক্ষ করা যায়নি।
এই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনের এবং ১৮ জুলাই যশোর-৬ আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।
এর আগে ইসি সচিব মো. আলমগীর জানান, ওই দুই আসনে নতুন করে কোনো মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ১৮ জানুয়ারি আবদুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। এ আসনে তিন লাখ ৩০ হাজার ৮৯৩ জন ভোটার। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।
আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা যাওয়ায় যশোর-৬ আসনটি শূন্য হয়। এ আসনে দুই লাখ তিন হাজার ১৮ জন ভোটার। এই আসনের প্রার্থীরা হলেন হলেন- আওয়ামী লীগের শাহীন চাকলাদার (নৌকা), বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)।
আনন্দবাজার/রনি








