মুজিববর্ষ উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক দেশের প্রশিক্ষিত দুই লাখ বেকারকে জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ব্যাংকটি মূলধনের সরকারি অংশের ১৩৫ কোটি টাকা চেয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অর্থ সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, কর্মসংস্থান ব্যাংক আইনের ৭ (১) ধারা মোতাবেক পরিশোধিত মূলধনের ৭৫ শতাংশ অর্থাৎ ৬০০ কোটি টাকার মধ্যে সরকার কর্তৃক অপরিশোধিত ১৩৫ কোটি টাকা ছাড়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এর আগেও দুবার বিষয়টির অগ্রগতি জানানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু এ বিষয়ে অর্থ বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম এখনও জানা যায়নি।
অর্থ সচিবের কাছে এ টাকা ছাড়ের বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে তৃতীয়বারের মতো গত ২৭ জানুয়ারি চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
চিঠিতে আরও বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা এবং আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে ঋণ সুবিধা আরও বাড়ানো হবে। এ পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে ঋণ সুবিধা জনপ্রতি দুই লাখ টাকা হতে বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।
এছাড়া কর্মসংস্থান ব্যাংকে ঋণের ব্যাপক চাহিদা সৃষ্টির পরিপ্রেক্ষিতে ২০১৯-২০ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা এক হাজার ৪০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত এ ঋণ বিতরণে অতিরিক্ত তহবিল প্রয়োজন।
আনন্দবাজার/জায়েদ









