দেশে হঠাৎ ভ্যাকসিন ট্রায়ালের কার্যক্রম যেন স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশের বিনিয়োগ চাওয়া নিয়ে সিনোভ্যাকের ট্রায়াল কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে ব্যাপক জটিলতা। এমনকি গ্লোব বায়োটেকের টিকা গবেষণা কার্যক্রমেও নেই তেমন কোন অগ্রগতির। ফলে এই অবস্থায় দেশে ভ্যাকসিনের ট্রায়াল পরিচালনা নিয়ে ওনেক সংশয়ে আছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকার ট্রায়াল অনেকটাই এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশে ট্রায়ালের উপযোগিতা থাকে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এদিকে সিনোভ্যাক কম্পানি তাদের পূর্বের শর্ত থেকে সরে এসে বাংলাদেশের কাছে আর্থিক অংশীদারি চাইছে। ফলে তাদের ভ্যাক্সিন ট্রায়ালই ঝুলে গেছে। এমনকি অন্য দেশগুলোতে চলমান চীনের টিকার ট্রায়াল থেকে সফলতা পেলে বাংলাদেশে আর ট্রায়াল নাও করতে পারে চীনের কম্পানি। এ ক্ষেত্রে চীনের টিকার বাংলাদেশে ট্রায়াল নিয়ে নানামুখী হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যসচিব (সেবা) মো. আব্দুল মান্নান জানান, আগামী সপ্তাহে সিনোভ্যাকের একটি সার্ভে টিম পাঠানোর কথা রয়েছে। তারা এসে ঘুরে যাওয়ার পর হয়তো চূড়ান্তভাবে ট্রায়ালের কাজ শুরু হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, যত দূর শুনেছি, চীনের সিনোভ্যাক কম্পানি তাদের পূর্বের শর্ত থেকে সরে এসে এখন ট্রায়ালে বাংলাদেশের আর্থিক অংশীদারি চাচ্ছে। এটি মোটেও যুক্তিযুক্ত নয়। আমরা তাদের ট্রায়ালের সুযোগ করে দিচ্ছি, সেটিই বড় কথা। ফলে এসব নিয়েই তাদের ট্রায়ালটি ঝুলে গেছে।
সংক্রমণ কমে গেলে ট্রায়ালের তৎপরতা কমে যাবে কি না এমন প্রশ্নে তিনি জানান, একদিক থেকে কিছুটা তো কমবেই। কিন্তু চাইলে যেকোনো সময়ই টিকার ট্রায়াল করা যায়।
এই ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, ইতোমধ্যে করোনা টিকা পেতে সরকার গেল মাস থেকে তৎপরতা শুরু করেছে। সে জন্য যোগাযোগ স্থাপন করেছে কমপক্ষে পাঁচটি কম্পানির সাথে। অপরদিকে দেশেই চীনের সিনোভ্যাক বায়োটেক কম্পানির করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে আশার আলো দেখিয়েছিল আইসিডিডিআরবি। তবে আরও তিন কম্পানি দেশে তাদের টিকার ট্রায়ালের সুযোগ চেয়ে আবেদন করেছে।
স্বাস্থ্যসচিব (সেবা) মো. আব্দুল মান্নান জানান, নতুন যে কম্পানিগুলো ট্রায়ালের জন্য আবেদন করেছে, ইতোমধ্যে সেগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে এলেই চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হবে।
আনন্দবাজার/এইচ এস কে









