- কৃত্রিম তন্তু তৈরিতে পানি কম লাগে
- টেকসই আরামদায়ক পোশাক তৈরি
কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা বাড়ার অনেক কারণ রয়েছে। বিশ্বজুড়ে ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তুলা উৎপাদনে প্রচুর পরিমাণ পানি ও জমি প্রয়োজন হয়। তারপর কাপড়ে রং কিংবা ধোঁয়া বা ওয়াশে প্রচুর পানির ব্যবহার হয়। এই কারণে তৈরি পোশাকশিল্পের ক্রেতা প্রতিষ্ঠানগুলো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি করা পোশাকের দিকে ঝুঁকছে। অন্য একটি বড় কারণ হলো দ্রুত ফ্যাশনের পরিবর্তন। নিত্যনতুন পোশাক তৈরিতে কৃত্রিম তন্তুর জুড়ি নেই। তাছাড়া এটি আরামদায়ক, টেকসই, দেখতে সুন্দর এবং নানা পরীক্ষা-নিরীক্ষা সহজে করা যায়।
কৃত্রিম তন্তুর কাপড়ে অনেক ধরনের ফ্যাশনেবল পোশাক করা যায়, যা কটন কাপড়ে হয় না। সে কারণে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। বিশ্বে খেলাধুলার পোশাক বা স্পোর্টসওয়্যার রেইনকোটসহ আউটারওয়্যারের শতভাগই এখন কৃত্রিম তন্তুনির্ভর।
সব মিলিয়ে বিশ্বে তৈরি পোশাকের মধ্যে ৭৮ শতাংশ বেশি হচ্ছে কৃত্রিম তন্তু থেকে। করোনার কারণে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা আরও বেড়েছে। এ ধরনের পোশাক যেমন দ্রুত ঘাম চুষে নেয়, তেমনি আরামদায়কও। তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চীন এখন শতভাগই কৃত্রিম তন্তুনির্ভর। এ ধরনের সুতা তৈরিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন। তাই মানের দিক থেকে কৃত্রিম তন্তুর সুতায় অনেক বৈচিত্র্য আসবে। অন্যদিকে তুলার তৈরি সুতা যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি, তাই সেখানে বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ অনেক কম।
কৃত্রিম তন্তু কীভাবে
তুলার মতো কৃত্রিম তন্তুও গাছ, বাঁশ বা কাঠ থেকে হতে পারে। বিভিন্ন রকম গাছ, কাঠ বা বাঁশ অর্থাৎ উদ্ভিদজাত তন্তু মূলত ন্যাচারাল পলিমার ফাইবার। এ ধরনের তন্তুর মধ্যে ভিসকস, টেনসিল, মোডাল বেশ জনপ্রিয়। কৃত্রিম তন্তুর সঙ্গে বিভিন্ন মাত্রায় তুলা মিশ্রণ করে সুতা উৎপাদন করা হয়। তবে উদ্ভিদজাত হওয়ায় অনেকে এটিকে কৃত্রিম তন্তু বলতে চাচ্ছে না।
অন্যদিকে পেট্রোকেমিক্যাল থেকে সিনথেটিক পলিমার ফাইবার হয়। এ ক্ষেত্রে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল বেশি ব্যবহৃত হয়। সিনথেটিক তন্তুর মধ্যে পলিয়েস্টার ও নাইলন বেশি জনপ্রিয়। তা ছাড়া সিনথেটিক ফাইবারের সঙ্গে তুলার সংমিশ্রণ করে টি–শার্ট, শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের কাপড় প্রস্তুত করা হয়। এসব তন্তু থেকে সুতা তৈরি করে জ্যাকেট, রেইনকোট, স্পোর্টসওয়্যার, অন্তর্বাসসহ নানা ধরনের পোশাকের কাপড় উৎপাদিত হয়। মোটাদাগে কৃত্রিম তন্তু দুই প্রকার- ন্যাচারাল পলিমার ও সিনথেটিক পলিমার ফাইবার বা তন্তু।
আনন্দবাজার/শহক









