করোনার মধ্যেও গাড়ি নির্মাণের রেকর্ড করেছে টয়োটা। চলতি বছরের নভেম্বরে জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ লাখ ২৮ হাজার ৬৬ ইউনিটে পৌঁছেছে। খবর দ্য মাইনিচি।
করোনা কালে যেখানে অন্য অনেক জাপানি গাড়ি নির্মাতা কোম্পানির নির্মাণ হ্রাস পেয়েছে, সেখানে চীন ও জাপানে বাড়তি চাহিদার কারণে টয়োটা টানা তৃতীয় মাসের মতো গাড়ি নির্মাণ বাড়িয়ে দিয়েছিল। নভেম্বরে টয়োটাসহ আটটি শীর্ষ জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিশ্বজুড়ে মোট নির্মাণ শূন্য দশমিক ৩ শতাংশ কমে ২৩ লাখ ৬০ হাজার ইউনিটে পৌঁছে। এটি আগের তিন মাসের মধ্যে প্রথম হ্রাস।
নিশান মোটরের গাড়ি নির্মাণ ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। এ নিয়ে টানা ১৪ মাস গাড়ি নির্মাণ কমল নিশানের।
এইদিকে টয়োটার মতো হোন্ডা মোটরের নির্মাণও বেশ চাঙ্গা হয়েছে। গত মাসে চীনে জোরালো চাহিদার ভিত্তিতে হোন্ডা বিশ্বজুড়ে উৎপাদন ১১ দশমিক ৪ শতাংশ বাড়িয়েছে। এছাড়া ফ্রান্সের নিশান ও রেনোঁ এসএর সঙ্গে ত্রিপক্ষীয় জোটের সদস্য মিত্সুবিশির দেশীয় চাহিদা কমে যাওয়ায় গাড়ি নির্মাণ ২৫ দশমিক ৭ শতাংশ কমেছে।
আনন্দবাজার/শহক









