বর্তমান বিশ্ব যে ভয়াবহ হুমকির সম্মুখে তা করোনাভাইরাস নয়। বরং সংকট মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের অভাবই এখনকার সময়ের সবচেয়ে বড় হুমকি।
করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্য ও সংহতির ডাক দিয়ে বেশ আবেগঘন কণ্ঠে এই কথাগুলো বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস।
ছয় মাস ধরে সারাবিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এ পর্যন্ত বিশ্বের এক কোটি ২২ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে কয়েক দিন আগেই। ইউরোপে সংক্রমণের হার কমে এলেও যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তবে বিশ্বের এ সংকটকালে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে দেখা দিয়েছে ঐক্যের অভাব। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে আধানম অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান, বন্ধুরা, ভুল করবেন না আমরা এখন সবচেয়ে বড় যে হুমকিটি মোকাবিলা করছি তা ভাইরাস নয়। বরং এটা হচ্ছে নেতৃত্বের অভাব এবং বৈশ্বিক পর্যায়ে সংহতির অভাব।
আনন্দবাজার/তা.তা









