পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক শিশু কন্যাসহ একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বাংলাদেশী সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, রায়হান রাশেদ (৪০), তার স্ত্রী নিশা (৩০) ও বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা (৬)। আহতরা হলেন, মুহাম্মদ ইকবাল ও নিহত রাশেদের শিশু পুত্র মুহাম্মদ তাজরিয়ান।
জানা যায়, ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে, মদিনা থেকে ৭০ কিলোমিটার দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। মরুভূমির বালু ঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সৌদি পুলিশ।
একজন ব্যতীত সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তবে তারা চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নাং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোডে স্থায়ী বসাবাস করেন। আরেকজন মুহাম্মদ ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রুপকানিয়া এলাকার সাবেক ইউপি মেম্বর ইসলামের ছেলে।
আনন্দবাজার/শহক









