প্রাণঘাতী করোনাভাইরাসে বিষাক্ত নীল ছোবলে যেন প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮২ হাজার ছুঁই ছুঁই আর আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেল ৭ হাজারে ৪'শর কাছাকাছি অন্যদিকে আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার।
এইদিকে যুক্তরাষ্ট্র যেন মরণনেশায় মেতে উঠেছে। এখানে সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজারের কাছাকাছি ।যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৯১৯ জনের আর আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৯০ জনের। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২ হাজার ৭৯০ জনে।
করোনার সর্বশেষ পরিসংখ্যানঃ https://www.worldometers.info/coronavirus/
পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির স্থানীয় প্রশাসনকে। এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সবচেয়ে কঠিন সপ্তাহ অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র। এর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।
অন্য দিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর রেকর্ড করেছে। এখানে এই সময়ে ঝরে গেছে ১ হাজার ৪১৭ জনের প্রাণ আর আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৩২৮ জন আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৯ হাজার ৬৯ জন। প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের এই দেশটিতে।
করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। তবে ইতালিতে নতুন করে সংক্রমণের সংখ্যা গত ২৫ দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।
স্পেনে আবারও প্রাণহানি বেড়েছে। গেল ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও অন্তত ৭৪৩ জন আর আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৬৭। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৭৯৮ জন আর আক্রান্ত ১ লাখ ৪০ ৫১০ জন।
করোনায় নাজেহাল ইতালিতে লকডাউনের সময় এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।। এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে চার বিলিয়নের বেশি আর্থিক প্রাণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, আগামী দুই সপ্তাহ জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বাকি সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ক্রমেয় অবনতির দিকে যাচ্ছে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি। এখানে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৭৭৬ জনের আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৩৬ জন।এখানে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৫৯ এবং আক্রান্ত ৫৫ হাজার ২৪২ জন।
ইরান ও জার্মানিতেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই দুই দেশে যথাক্রমে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৩৩ আর ২০৬ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৯ ও ৪ হাজার ২৮৮ জন। আর ইরানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৭২ এবং আক্রান্ত ৬২ হাজার ৫৭৯ জন এবং জার্মানিতে মোট মৃত ২ হাজার ১৬ ও আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন।
বেলজিয়াম ও নেদারল্যান্ডও ক্রমাগত করোনার ছোবলে নীল হয়ে উঠছে। বেলজিয়ামে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৪০৩ জনের আর নেদারল্যান্ডে ২৩৪ জন।
আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মস্কোতে সবার জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কার্যকর করছে রাশিয়ান কর্তৃপক্ষ। আর করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টার কারফিউ জারি করল সৌদি সরকার।
এদিকে হু হু করে আক্রান্ত বাড়ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে। আর করোনার উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘন্টায় নতুন করে কেউ মারা বা আক্রান্ত হয়নি।
আনন্দবাজার/শহক








