দ্বিতীয় দফার স্থানান্তরে কক্সবাজারের উখিয়া থেকে আসা রোহিঙ্গারা নৌবাহিনীর জাহাজে চড়ে তাদের নতুন আবাসস্থল ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে জাহাজগুলো নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়েছে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক জানান, তাদের ‘ধারণার চেয়ে বেশি’ লোক দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে।
তিনি বলেন, ১২শর মত লোক যাবে বলে ধারণা করলেও শেষ পর্যন্ত এক হাজার ৮০৪ জন ভাসানচরে যাচ্ছে স্বপ্রণোদিত হয়ে।
চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের ছয়টি জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।
প্রথমবারের মতো এবারও রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে র্যাব, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা দেখা গেছে।
চট্টগ্রামে পৌঁছানোর পর রাতে তাদের বিএএফ জহুর ঘাটির বিএএফ শাহীন স্কুল ও কলেজের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য আজ মঙ্গলবার সকালে তোলা হয় নৌবাহিনীর জাহাজে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রোহিঙ্গাদের আসার বিষয়ে জানানোর পর জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এর আগে পুলিশের ঊধর্বতন কর্মকর্তারা ভাসানচর পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আনন্দবাজার/টি এস পি









