প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের পর দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। এ সপ্তাহের প্রথম কর্মদিবসে (১৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সাত বছরের মধ্যে মূল্য সূচকের সবচেয়ে বড় উত্থান হয়েছে আজ। একদিনেই ১৫ হাজার কোটি টাকার ওপর বাজার মূলধন ফিরে পেয়েছে ডিএসই। প্রধান মূল্য সূচক বেড়েছে সাড়ে ৫ শতাংশেরও ওপরে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১৯ হাজার ৩৭০ কোটি টাকার মত, যা রোববারের লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫৫৬ কোটি টাকায়। সুতরাং একদিনেই ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ১৮৬ কোটি টাকা। মূলধন বাড়ার অর্থ হলো তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ওই পরিমাণ।
সূচকের এই উল্লম্ফন চলে লেনদেনের শেষ পর্যন্ত । ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ২৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়ায়। ২০১৩ সালের জানুয়ারিতে এই সূচক চালু হওয়ার পর একদিনে প্রধান মূল্য সূচকের এত বড় উত্থান হয়নি। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৭ পয়েন্টে উঠে আসে। ডিএসই’র শরিয়াহ্ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে দাঁড়ায়।
আনন্দবাজার/তাঅ









