মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্যাথলজী ল্যাব ভবন নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। ময়লাযুক্ত পঁচা-গলা ইটের খোয়া, নিম্নমানের আস্তর বালু, সিলেকশন বালু ও পরিমাণের চেয়ে কম সিমেন্টের সংমিশ্রনে এরই মধ্যে নির্মাণাধীন এক তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এ নির্মাণ কাজে ব্যবহৃত রডের মান নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ষোলঘর এলাকায় অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগের পূর্বপাশে এক তলা প্যাথলজী ল্যাব ভবনটির নির্মাণ কাজ চলছে। তার পাশেই ময়লাযুক্ত বিভিন্ন প্রকার নির্মাণ উপকরণ সামগ্রী রাখা হয়েছে। নির্মাণাধীন ওই ভবনের আশপাশে প্রকল্প বরাদ্দের বিবরণীর কোনো সাইনবোর্ড সাটানোর চিত্র চোখে পড়েনি। লক্ষ্য করা যায়, এক শ্রমিক পঁচা ইটের খোয়ার স্তুপে পানি দিচ্ছেন। ওই শ্রমিকের কাছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিষয়ে জানতে চাইলে সে কিছু জানাতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্যাথলজী ল্যাব ভবনটি নির্মাণ কাজে বিভিন্ন অনিয়ম করা হচ্ছে। এখানকার সবাই তো দেখছেন, আপনারও দেখতে পাচ্ছেন? নির্মাণ কাজে কি ধরণের উপকরণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মো. শাকিলের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিক করে কিছু বলতে পারছিনা। আমার জানামতে এটা জাইকার প্রকল্প। এ কাজের তদারকি করছেন উপজেলা প্রকৌশলী দপ্তর।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মহিফুল ইসলাম জানান, আমি কিছুদিন হলো এখানে কাজে যোগদান করেছি। তবে দুদিন আগে কাজের সাইড ভিজিট করেছি। তখন আমার চোখে এমন কিছু পড়েনি। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। তিনি এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও ঠিকাদারের নাম পরিচয় ও বরাদ্দকৃত অর্থের পরিমাণ সমন্ধে সুনিদিষ্ট করে কিছু জানাতে পারেননি।









