বর্তমানে দেশে নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করছে সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠান। আইনগতভাবে নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনার বাধ্যবাধকতা তৈরি হয় ২০১৮ সালে। কিন্তু বাধ্যবাধকতা তৈরি হলেও নিবন্ধন ছাড়াই চলছে ব্যবসা।
বস্ত্র অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশে বস্ত্র শিল্প প্রতিষ্ঠান আছে মোট ৮ হাজার ৪১৫টি। তবে ২০১৮ সালে আইন তৈরির পর এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৩২টি প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের নিবন্ধন নিয়েছে। এর বাইরে নিবন্ধন ছাড়া বস্ত্র শিল্পে ব্যবসা পরিচালনা করছে ৬ হাজার ৭৮৩টি প্রতিষ্ঠান।
এই ব্যাপারে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব দিলীপ কুমার সাহা জানান, বস্ত্র শিল্প প্রতিষ্ঠানের মোট সংখ্যা আট হাজারের অনেক বেশি হলেও সবাই নিবন্ধন নেয়নি। তাদের মধ্যে অনেকেই হয়তো নিবন্ধন নেওয়ার ব্যাপারটি জানে না অথবা নিবন্ধনের প্রয়োজনীয়তার মুখোমুখি হয়নি। আইন সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। তাই এখন থেকে ব্যাংকে কোনো ঋণের জন্য গেলে উক্ত প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের নিবন্ধিত কিনা সেই প্রয়োজনীয় কাগজপত্র চায় তাহলে তখন ওই প্রতিষ্ঠান নিবন্ধনের তাগিদ পাবে।
বস্ত্র অধিদপ্তর সংশ্লিষ্টরা জানান, আইনি কাঠামোর মধ্যে বস্ত্র শিল্পকে আনা হলেও লক্ষ্য হলো এ শিল্পের আরও বিকাশ ঘটানো। তবে বেসরকারি খাত নিজ থেকেই বর্তমান পর্যায়ে বিকশিত হয়েছে। এখন এ বিকাশ আরও সুষম ও সুষ্ঠুভাবে যেন হয় সে ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করবে পোশাক কর্তৃপক্ষ।
আনন্দবজকর/এইচ এস কে









