গতকাল (বুধবার) সংসদে শেয়ারবাজারে ধস ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, দেশ চলে মূলত তিন নীতিতে। রাজনীতি, অর্থনীতি এবং দুর্নীতি। শেয়ার বাজার লুটিয়ে পরেছে , রাস্তায় নেমেছে বিনিয়োগকারীরা।
অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শেয়ার বাজারের এই দশা কেন হল? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুর্বল কোম্পানিগুলো লিস্ট করে বাজারে ছেড়ে দেয়। আর এদিকে রাস্তায় নামে বিনিয়োগকারীরা।
আমরা বলেছিলাম দুর্বল কোম্পানিগুলোকে যেন তালিকাভুক্ত না করা হয়। আমরা এ ব্যাপারে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম। আজ অবধি কমিশন হয়নি। বাজার থেকে মূলধন ৯৫ হাজার কোটি টাকা উধাউ।
ফিরোজ রশীদের সঙ্গে সহমত পোষণ করে বিএনপির এমপি হারুনুর রশীদ জানান, মন্ত্রীরা প্রশ্নোত্তর পর্বে বলেন দেশে কোনো বিপর্যয় দেখতে পান না, দেশে কোনো সংকট নেই। এ সমস্ত উত্তর যখন আসে তখন অবাক হই। গত এক সপ্তাহ যাবত্ পুঁজিবাজারের জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে, তাদের আজ কাজ নেই, বিপর্যস্ত লাখ লাখ পরিবার। এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। আমরা মুজিববর্ষ উদ্যাপন করছি, এত প্রবৃদ্ধি, এত উন্নতি, আমরা চারদিকে বিশাল বিশাল স্থাপনা বানাচ্ছি। অথচ সাধারণ মানুষের দুর্দশা দেখার কেউ নেই।
আনন্দবাজার/তাঅ









