চায়ের বাজার গরম, দাম বাড়ছে প্রতিটি নিলামেই
প্রকাশ:

বিস্তারিত
করোনার কারণে বিধিনিষেধে শিথিলতার পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অফিস-আদালত চালু হওয়ায় চাহিদা বৃদ্ধিতে প্রতিটি নিলামেই বাড়ছে চায়ের দাম। দেশের প্রধান আন্তর্জাতিক নিলাম কেন্দ্র চট্টগ্রামের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি নিলামে বর্তমানে গড়ে ৩২-৩৫ লাখ কেজি চা বিক্রির জন্য প্রস্তাব করা হচ্ছে।
করোনার কারণে আগের নিলামগুলোতে ৬০-৭০ শতাংশ চা বিক্রি হলেও বর্তমান পরিস্থিতিতে নিলাম বাজারে গড়ে ৮০ শতাংশের বেশি চা বিক্রি হয়ে যাচ্ছে। নিলামে চা ক্রয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ায় চায়ের দামও প্রতিটি নিলামে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী।
সর্বশেষ ১৮ অক্টোবর অনুষ্ঠিত চলতি বর্ষের (২০২১-২২ নিলাম বর্ষ) ২৩তম নিলামে চা উত্তোলন করা হয়েছে ৩৩ লাখ ৬৩ হাজার ৫৪৪ কেজি। এর মধ্যে ২০৫ টাকা কেজিপ্রতি গড় দামে ৮০ শতাংশ চা কিনে নেয় বিভিন্ন ক্রেতাপ্রতিষ্ঠান। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় নিলামেও ২৮ লাখ ১৯ হাজার কেজি চা বিক্রির জন্য প্রস্তাবের সম্ভাবনা রয়েছে। দুই মাস ধরে প্রতিটি নিলামেই প্রতি কেজি চা গড়ে ২০০-২০৬ টাকার মধ্যে ওঠানামা করেছে। মূলত লকডাউন উঠে যাওয়ার পর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেয়ায় প্রান্তিক ভোক্তা পর্যায়ে (স্ট্রিট টি স্টল) চায়ের চাহিদা বেড়ে যাওয়ায় নিলাম বাজারে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
জানতে চাইলে বাংলাদেশী চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম বলেন, করোনার কারণে ২০২০ সালে দেশের চা বাগানগুলো চরম সংকটে পড়েছে। আগের বছরের চেয়ে বিক্রি প্রায় ৪৭ শতাংশ কম হওয়ায় বিনিয়োগ সংকটে উৎপাদনও কমে যায়। তবে বর্তমান সময়ে লকডাউন ও বিধিনিষেধ উঠে যাওয়ায় দেশব্যাপী সব ধরনের খাত থেকে চায়ের চাহিদা বেড়েছে। বাগানমালিকরাও বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন বাড়িয়েছেন। অনুকূল আবহাওয়া থাকলে ১০০ মিলিয়ন কেজি চায়ের ধাপ পেরোতে পারবে বলে আশা করছেন তিনি।
আনন্দবাজার/শহক








