
মহামারি করোনার ধাক্কায় চাকরি হারিয়ে দেশে ফেরত এসেছেন চার লাখের বেশি কর্মী। তাদের জন্য ‘আত্মকর্মসংস্থানমূলক ঋণ’ ও নারীকর্মীদের জন্য ‘নারী উদ্যোক্তা কর্মসংস্থান ঋণ’ নামের দুটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক। আগামী ১ ডিসেম্বর থেকে প্রকল্প ও ঋণ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকার ঋণ সহায়তা প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। সেখান থেকে ২৫০ কোটি টাকা বিদেশফেরত কর্মীদের সহায়তার জন্য ‘আত্মকর্মসংস্থানমূলক ঋণ’ নামক নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প থেকে ক্ষতিগ্রস্ত কর্মীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। দুই বছর মেয়াদী এ ঋণের সুদের হার হবে ৪ শতাংশ। তবে, ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে।
বিদেশফেরত কর্মীদের সহায়তার জন্য ২৫০ কোটি টাকার ‘আত্মকর্মসংস্থানমূলক ঋণ’ নামক নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প থেকে ক্ষতিগ্রস্ত কর্মীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া বিদেশগামী ও ফেরত নারীকর্মীদের জন্য চালু হচ্ছে ‘নারী উদ্যোক্তা কর্মসংস্থান ঋণ’ শর্ত হচ্ছে, কোভিড ফেরত কর্মীকে অবশ্যই দেশে থাকা এবং ব্যবসা করার মানসিকতা থাকতে হবে।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বিদেশগামী নারীকর্মীদের জন্য চালু করা হচ্ছে ‘নারী উদ্যোক্তা কর্মসংস্থান ঋণ’। প্রকল্পটি চলমান থাকবে। ওয়ার্কিং ভিসাধারী নারীকর্মীরা এখান থেকে ঋণ নিতে পাবেন। মূলত, বিদেশফেরত নারীদের পুনর্বাসনের জন্য এ ঋণ প্রকল্প চালু করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনায় বিদেশফেরত কর্মীদের জন্য ২৫০ কোটি টাকার ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ অর্থ আমাদের হাতে এসেছে। চার শতাংশ সুদে এ অর্থ আমরা করোনায় ক্ষতিগ্রস্ত বিদেশফেরত কর্মীদের মধ্যে বিতরণ করবো। ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে।
করোনার কারণে বিদেশফেরত ও ক্ষতিগ্রস্ত কর্মীদের স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধভাবে বিদেশে ছিলেন কিন্তু কোভিডের কারণে দেশে ফেরত এসেছেন, তাদেরও এ ঋণের আওতায় আনা হয়েছে। ঋণ পেতে কিছু শর্ত পরিপালন করতে হবে। যেমন- অবশ্যই তাকে বিদেশফেরত (করোনার কারণে) কর্মী হতে হবে। দেশে থাকা এবং ব্যবসা করার মানসিকতা থাকতে হবে। আত্মকর্মসংস্থানের জন্য, হতে পারে সেটা কোনো ছোট গ্রোসারি শপ বা মুদি দোকান, পোল্ট্রি বা মৎস্য খামার- এ ধরনের প্রকল্পের জন্য এ ঋণ সুবিধা দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের সব শাখা থেকে এ ঋণ বিতরণ করা হবে। এক্ষেত্রে বিদেশফেরত কর্মীদের কোভিডের সময় ফেরত আসার প্রমাণ, পাসপোর্টসহ সীমিত কিছু কাগজপত্রের প্রয়োজন হবে।
নারীকর্মীদের জন্য যে প্রকল্পটি ব্যাংকের নিজস্ব অর্থায়নে হবে। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশগামী যেসব নারী আছেন তারা এখান থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। যারা বিদেশফেরত তারাও ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে তাকে ভিসাধারী ওয়ার্কার হতে হবে।
‘আত্মকর্মসংস্থানমূলক ঋণ’ প্রকল্পের বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদুল হক বলেন, করোনার কারণে বিদেশফেরত প্রবাসীদের সহায়তার জন্য সরকার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করে। সেখান থেকে শুরুতে অর্থ মন্ত্রণালয় আমাদের ২৫০ কোটি টাকা দেয়। সেই অর্থ প্রবাসীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। বাকি ২৫০ কোটি টাকাও আমরা পেয়েছি। এ টাকা বিতরণের ক্ষেত্রে সরকার কিছু শর্ত জুড়ে দিয়েছে।
‘শর্তে উল্লেখ করা হয়েছে, ‘কোভিডের কারণে বিদেশফেরত কর্মীদের আত্মকর্মসংস্থানে এ অর্থ ব্যয় করা যাবে। একজন কর্মীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। ঋণের হার হবে চার শতাংশ, মেয়াদ দুই বছর। অর্থাৎ যারা ঋণ নেবেন তাদের ১৮ কিস্তিতে সমুদয় টাকা ফেরত দিতে হবে।’
‘নারী উদ্যোক্তা কর্মসংস্থান ঋণ’ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কাজের জন্য যেসব নারী দেশের বাইরে যাচ্ছেন তারাও উদ্যোক্তা। তারাও এখান থেকে ঋণ পাবেন। আর যারা দেশে ফেরত এসেছেন, দেশেই কিছু করতে চান কিন্তু পুঁজি নেই তাদের ঋণ দেওয়া হবে। প্রাথমিক অবস্থায় ইক্যুইটি পার্টিসিপেশন ছাড়াই সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এক লাখের ওপরে হলে ইক্যুইটি পার্টিসিপেশন লাগবে।’
আনন্দবাজার/শহক








